ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিপজ্জনক যশস্বীকে ফেরালেন শরিফুল
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মন্থর শুরু করে ভারত। তবে যশস্বী জাসওয়ালের আরো একটি দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে লড়াই চালিয়ে যায় ভারত। সেই যশস্বীকে ফিরিয়ে বাংলাদেশকে আবারো ম্যাচের নিয়ন্ত্রণে বসালেন শরিফুল ইসলাম।
১১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে টেনে তোলেন যশস্বী। কিন্তু তার আক্রমণ থামান শরিফুল ইসলাম। ১২১ বলে ৮৮ রান করে শরিফুলের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন যশস্বী। পরের সিদ্ধেশ বীরের (০) উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছেন শরিফুল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৬ রান। ক্রিজে আছেন ধ্রুব জুরেল (১৪) ও অথর্ব আনলোকার (০)।
টস হেরে ভারতের ব্যাটিং উদ্বোধন করেন যশস্বী জাসওয়াল, দিব্যংশ সাক্সেনা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বলে আসেন শরিফুল ইসলাম। কোনো রান না দিয়েই শেষ হয় প্রথম ওভার। দ্বিতীয় ওভারেও মেইডেন তুলে নেন তানজিম হাসান সাকিব।
এরপর বলে আসেন অভিষেক দাস। নিজের প্রথম ওভারেই ভারতের ওপেনিং জুটি ভাঙেন এ পেসার। ওভারের চতুর্থ বলে মাহমুদুল হাসান জয়ের হাতে বলে তুলে দেয় দিব্যংশ সাক্সেনা(২)।
ইনিংসের ২৯তম ওভারের শেষ বলে সাকিবের বলে বাউন্ডারি লাইনে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা তিলক ভার্মা। ৬৫ বলে ৩৮ রান করেন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ব্যাটসম্যান প্রিয়ম গর্গ। ৯ বলে ৭ রান করে রাকিবুলের বলে সাকিবের হাতে ধরা পড়েন প্রিয়ম।