বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ সমাপনী অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন ৩১৫ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ৩৩ পদাতিক ডিভিশন ৩১০ দশমিক ৩১ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই ফায়ারিং প্রতিযোগিতায় ৭ ডিভিশনের সৈনিক অষীম কুমার শর্মা শ্রেষ্ঠ ফায়ারার ও ১৯ ডিভিশনের সৈনিক মো. মেহেদী হাসান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিল।