ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ফেব্রিকস সাশ্রয়ী সফটওয়্যার বানিয়ে অ্যাপিকটা জয়ী

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ২৩ নভেম্বর ২০১৯
ফেব্রিকস সাশ্রয়ী সফটওয়্যার বানিয়ে অ্যাপিকটা জয়ী
সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের কাটিংয়ে ফেব্রিকস সাশ্রয় করতে পারে এমন সফটওয়্যার বানিয়ে অ্যাপিকটায় পুরস্কার জিতেছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড। প্রাইডকাট সফটওয়্যার প্রকল্পটি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন ক্যাটাগরিতে মেরিট পুরস্কার জিতেছে।

শুক্রবার রাতে ভিয়েতনামের হা লং বে শহরের ডায়মন্ড প্যালেসে এশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অস্কার খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (অ্যাপিকটা) তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অ্যাপিকটায় ৩টি চ্যাম্পিয়ন ও ৫টি মেরিট পুরস্কার পেয়েছে বাংলাদেশের ৫টি উদ্যোগ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, এবারে তিনটি চ্যাম্পিয়ন এবং পাঁচটি মেরিট সম্মাননা অর্জন করেছি আমরা। এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে, প্রতিনিয়ত আমরা ভালো করছি।

Advertisement

পুরস্কার জেতার প্রতিক্রিয়া জানিয়ে প্রাইডসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, আপনি যখন আপনার দেশের প্রতিনিধিত্ব করেন এবং আপনি জেতেন, তখন এর অনুভূতি আলাদা। যখন আপনার পণ্য বিশ্বের শীর্ষ পণ্যগুলোর সঙ্গে তুলনা করে এবং আপনি দেখতে পেলেন যে আপনার পণ্যটি সবচেয়ে ভালো, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি আমার দলের জন্য গর্বিত।

প্রাইডসিস আইটি লিমিটেডের তৈরি প্রাইডকাট সফটওয়্যার প্রকল্পটি পোশাকশিল্পের কাটিং ক্ষেত্রে ফেব্রিকস সাশ্রয় করতে পারে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে অটোমেশনে নিয়ে আসতে প্রয়োজনীয় সফটওয়্যার সেবা দিয়ে থাকে প্রাইডসিস আইটি লিমিটেড।

এবার ৩০টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ৩২টি প্রকল্প এবং অ্যাপিকটার বিচারকমণ্ডলীর ৯৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভিয়েতনামের হা লং বে-তে ১৮-২২ নভেম্বর অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে ১৬টি দেশের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!