ফেনীতে তিনজনের দণ্ড
ফেনীর সুলতানপুর ও স্টেশন রোড এলাকায় তিনজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের জেল ও দুই স্পিরিট ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে এ রায় দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব দাস পুরাকায়স্থ।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তত্ত্বাবধানে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে সুলতানপুরের নিজ বাড়ি থেকে ৪৫ ইয়াবাসহ নুর আলমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেয়।
তিনি আরো জানান, একই সময় স্টেশন রোডের দত্ত হোমিও হল থেকে আর.এস ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। দোকানটিতে আর.এস ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দোকানের ম্যানেজার মিঠুন চন্দ্র দে’কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া মহিপালের আজিজ অটো কালার সেন্টারে বিপুল পরিমাণ ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়। ওই সেন্টারের মালিক মো. আলী নেওয়াজকে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার রাজিব দাস পুরাকায়স্থ জানান, অভিযানে বিপুল পরিমাণ ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এ সময় এনকে হোমিও হলের মালিক ডা. আশুতোষ নাথকে মেয়াদোউত্তীর্ণ ওষুধ রাখায় সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন, সহকারী পরিদর্শক টিপু সুলতান ও জেলা পুলিশের সদস্যরা।
ডেইলি বাংলাদেশ/এমকেএ