প্রেমের প্রলোভনে ট্রলারে যুবতীকে গণধর্ষণ, আটক ৫
ভোলার চরফ্যাশনের বুড়াগৌরঙ্গা নদীতে যুবতীকে গণধর্ষণের ঘটনায় পাঁচ ধর্ষককে আটক করা হয়েছে। রোববার সকালে দক্ষিণ আইচা থানা-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার দক্ষিণ আইচা ৬নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউছুফ হাসান সরদার, দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের হাকিম দালালের ছেলে সোহেল রানা দিদার, চর মানিকা ৩নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহম্মদ সিকদার, চরকচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের ইসমাঈল ফকিরের ছেলে রিপন ফকির ও একই গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার।
এর আগে শনিবার রাতে চর ফারুকী গ্রামের বুড়াগৌরঙ্গা নদীর তীর থেকে পাঁচ ধর্ষককে আটক করে চর মানিকা কোস্টগার্ড। এ সময় ওই ভিক্টিমকেও উদ্ধার করা হয়েছে।
চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে তিনটার সময় নদীতে অভিযানকালে একটি ভাসমান ট্রলার দেখা যায়। সে সময় ট্রলার চেক করতে গেলে ভেতর থেকে এক নারী বাচাঁও বাঁচাও বলে চিৎকার করেন। এ সময় ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়। ভিক্টিম জানিয়েছেন, সোহেল রানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের ফাঁদে ফেলে সে পাঁচ যুবকসহ পালাক্রমে ধর্ষণ করেছে।
দক্ষিণ আইচা থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।