ফেরারির নকশায় ইনফিনিক্সের ফোন, দাম ৯৯,৯৯৯ টাকা
ইতালির বিলাসবহুল গাড়ির নকশাপ্রতিষ্ঠান পিনিনফারিনার নকশায় তৈরি নতুন স্মার্টফোন ‘নোট ৬০ আলট্রা’ বাংলাদেশের বাজারে এনেছে চীনা প্রযুক্তি ব্যান্ড ইনফিনিক্স। শক্তিশালী প্রসেসর, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধার ফোনটির দাম রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। একই সঙ্গে নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ বিশেষ সংস্করণেও মূল্যছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
নোট ৬০ আলট্রার নকশায় স্পোর্টস কারের অনুপ্রেরণা রয়েছে। ফোনটির পেছনে একটি কাচের প্যানেলের নিচে তিনটি ক্যামেরা, বিশেষ প্রদর্শনব্যবস্থা ও আলোর সমন্বয় করা হয়েছে। পিনিনফারিনার লোগোর নিচে থাকা গাড়ির পেছনের আলোর আদলে তৈরি বিশেষ বাতি ফোন চালু করলে বা ফোনে মেসেজ এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়ামের কাঠামোর ফোনটি মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার—এই চার রঙে পাওয়া যাবে।
ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি প্রসেসর, ১২ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার অভ্যন্তরীণ মেমোরি। গেম খেলা ও একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রয়েছে বিশেষ শীতলীকরণব্যবস্থা। এর ১.৫কে পর্দায় রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস উজ্জ্বলতা। শব্দের জন্য যুক্ত হয়েছে জেবিএল-সমন্বিত দ্বৈত স্টেরিও স্পিকার।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে ৩.৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম করা যায়। পাশাপাশি প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে মানের ভিডিও ধারণ এবং ৩২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা রয়েছে।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। রয়েছে ১০০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারহীন দ্রুত চার্জিং সুবিধা। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, মাত্র ১৮ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
এদিকে নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ বিশেষ সংস্করণে রয়েছে কেভলার নকশার আবরণ, রেসিং-অনুপ্রাণিত সফটওয়্যার এবং বিশেষ উপহার বাক্স। স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসরের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের স্থিতিশীলতাযুক্ত ক্যামেরা ও ১৪৪ হার্টজ পর্দা। ৪ হাজার টাকা ছাড়ে ফোনটির দাম ৪৫ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ৭ হাজার টাকা ক্যাশব্যাকসহ নোট ৬০ পাওয়া যাচ্ছে ৩৭ হাজার ৯৯৯ টাকায়।