ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৬৫

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৬৫
নতুন স্মার্টফোন হেলিও ৬৫

দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সুবিধা নিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে হেলিও। ‘হেলিও ৬৫’ মডেলের ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। 

স্মার্টফোনতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস পর্দা। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় পর্দায় দ্রুত স্ক্রল করা ও খেলার দৃশ্য দেখার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। পর্দার সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস। ফলে উজ্জ্বল আলোতেও পর্দার লেখা ও ছবি দেখতে কোনো সমস্যা হবে না। সুরক্ষার জন্য এতে রয়েছে আয়রন গার্ড প্রটেকশন।

ফোনটির অন্যতম আকর্ষণ বড় ব্যাটারি। এর সঙ্গে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। ইউএসবি টাইপ-সি সংযোগের পাশাপাশি এতে রয়েছে ১০ ওয়াটের তারযুক্ত বিপরীত চার্জিং সুবিধা। এর মাধ্যমে প্রয়োজনের সময় ফোনটি ব্যবহার করে অন্য যন্ত্রেও চার্জ দেওয়া যাবে।

ছবি তোলার জন্য পেছনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের স্বয়ংক্রিয় ফোকাস ক্যামেরা। ভিডিও ধারণে কাঁপুনি কমাতে এতে ইলেকট্রনিক স্থিতিশীলকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির জন্য রয়েছে মোশন ফটো, দ্বৈত দৃশ্য ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমোজি ও জিআইএফ সুবিধা।

কার্যক্ষমতার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম সুবিধা রয়েছে, যার মধ্যে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম। অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১২৮ জিবি; মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১৬ এবং অ্যান্ড্রয়েড ১৭-এ উন্নীত করার সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

ফোনটিতে ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য আইপি৬৪ মান, এনএফসি, দ্বৈত স্পিকার, আঙুলের ছাপ শনাক্তকরণ ও মুখমণ্ডল দিয়ে খোলার সুবিধা রয়েছে। গ্রামীণফোনের বান্ডেল সুবিধার পাশাপাশি পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—তিন রঙে ফোনটি বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!