ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিতে প্রোক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২৫ অক্টোবর ২০২৬
চবিতে প্রোক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের অভ্যন্তরে প্রোক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ঘটনা ঘটছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলের পাশেও ড্রোন ওড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রোক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না। ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রোক্টর অফিসের অনুমতি নিতে হবে এবং প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/চবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!