ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

প্রযোজক-পরিচালক আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৩০ নভেম্বর ২০১৯
প্রযোজক-পরিচালক আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ফাইল ছবি

বাংলা চলচ্চিত্র অঙ্গনে পরিচিত একটি নাম মনতাজুর রহমান আকবর। চলচিত্রের সব অঙ্গনেই তার বিচরণ। একাধারে তিনি চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক। কাজই তাকে তারকা খ্যাতি দিয়েছে। সেরা পরিচালকদের নামের তালিকায় প্রথম দিকেই তার অবস্থান। তবে এ তারকা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন নাট্য প্রযোজক শান আহমেদ। এ অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে এক নাট্য প্রযোজক। 

অভিযোগে করা হয়, ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ ও প্রচারের খরচের বিষয়ে প্রযোজক শান আহমেদের সঙ্গে মনতাজুর রহমান আকবরের ১৪ লাখ টাকার চুক্তি হয়। চুক্তির পর শান আহমেদ সম্পূর্ণ টাকা মনতাজুর রহমান আকবরকে দেন। কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করেন আকবর। গত বছর ২৬ ডিসেম্বর (২৬-১২-১৮) নাটকটি বুঝিয়ে দেয়ার কথা থাকলেও নাটকটি তিনি জমা দেননি।  

বিষয়টি নিয়ে প্রযোজক শান আহমেদ গত ২৮ আগস্ট মনতাজুর রহমান আকবরের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অভিযোগ করেন। পরে সমিতির নেতারা ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনতাজুর রহমান আকবরকে সম্পূর্ণ নাটক বুঝিয়ে দিতে বলেন। কিন্তু মনতাজুর রহমান আকবর নাটকটি বুঝিয়ে দেননি।

একপর্যায়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সাক্ষরিত এক চিঠিতে জানান, বিষয়টি নিয়ে পরিচালক সমিতির কার্যনির্বাহী সভায় বিশদভাবে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি সুরাহা করার জন্য মনতাজুর রহমান আকবরকে বারবার চিঠি ও মোবাইল ফোনে অবগত করলেও তিনি সমিতির সিদ্ধান্তকে অমান্য করেন। তাই তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো প্রকার আপত্তি থাকবে না।

ছবি: সংগৃহীত

এর পরেই গেল বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানায় নির্মাতা মনতাজুর রহমান আকবরের বিরুদ্ধে জিডি করেন শান আহমেদ। জিডি নম্বর ১৩০০। বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার। 

হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশিদ ডেইলি বাংলাদেশকে বলেন, নাট্য প্রযোজক শান আহমেদ পরিচালক মনতাজুর রহমান আকবরের বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এ বিষয়ে নির্মাতা মনতাজুর রহমান আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে ডেইলি বাংলাদেশকে বলেন, শান আহমেদ নামের কাউকে চিনি না। এ নামের কোনো ব্যক্তির সঙ্গে নাটক নির্মাণের কোনো চুক্তি আমার সঙ্গে হয়নি। যদি অভিযোগ করে থাকে তাহলে চুক্তির কোনো কাগজ দেখাতে পারবে না। 

আশির দশকে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন মনতাজুর রহমান আকবর। পরবর্তীতে নারায়ণ ঘোষ মিতা, মতিন রহমানের সহকারী হিসেবেও কাজ করেছেন। পূর্ণ পরিচালক হিসেবে প্রথম পরিচালনা করেন ‘টাকার পাহাড়’ চলচ্চিত্র। ‘ন্যায় যুদ্ধ’, ‘চাকর’, ‘প্রেম দিওয়ানা’, ‘বাবার আদেশ’, ‘কুলি’, ‘শান্ত কেন মাস্তান’, ‘কাজের লোক’, ‘ছোট্ট সংসার’ প্রভৃতি তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!