ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘরের চালের সাথে ঝুলছিলো আলাল মিয়ার মরদেহ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ১৪ অক্টোবর ২০২৬
ঘরের চালের সাথে ঝুলছিলো আলাল মিয়ার মরদেহ
বকশীগঞ্জে ঘরের চালের সাথে ঝুলছিলো আলাল মিয়ার মরদেহ উদ্ধার করলো পুলিশ। ছবি- ডেইলি বাংলাদেশ।

জামালপুর জেলার বকশীগঞ্জে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে ঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছনে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন। তিনি জানান, মঙ্গলবার ১৩ অক্টোবর  সন্ধ্যায় ৬টার দিকে ঘাসিরপাড়ার বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এক সন্তানের জনক নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
জানা গেছে,  আলাল স্বপরিবারে ঢাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একাই গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তাঁর ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার কিছুটা অংশ ভেঙে দেখেন আলালের দেহ চালের সাথে ঝুলছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এগিয়ে আসেন।
এদিকে এ ঘটনার খবর শুনে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ঘটনাস্থলে গিয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় খশরু জানান, আলাল তীব্র আর্থিক সঙ্কটসহ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। নিজস্ব কোনো জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন তিনি।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্টে ঘটনার প্রকৃত রহস্য  বেরিয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!