ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির প্রতিবাদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৩ অক্টোবর ২০২৬
মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির প্রতিবাদ
বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির নেতারা। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারতকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফ ইন্টারন্যাশনালের রহমান চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি আতিকুজ্জামান সনি সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারতকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে বেনাপোল পৌর টার্মিনালে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়, ভারতীয় ট্রাকচালকদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ অর্থ আদায় এবং বৈষম্যবিরোধী পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।

এ ছাড়া সনির মালিকানাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ‘কাব্য এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও বন্দর দিয়ে অবৈধ পণ্য পাচারের অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের পতনের পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে আতিকুজ্জামান সনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সনির বিরুদ্ধে ওঠা অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলকে বিভ্রান্ত করার অভিযোগে সনির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!