ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে সিকিউরিটি গার্ড করোনায় আক্রান্ত
নোয়াখালী কোম্পানীগঞ্জের জনতা ব্যাংক বসুরহাট শাখার একজন সিকিউরিটি গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম।
তিনি আরো জানান, গত ৪ মে ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় সিকিউরিটি গার্ডের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
গতকাল রাত ১২টার দিকে এ রিপোর্ট পাওয়া যায়। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি নোয়াখালী ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সদস্যদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নোয়াখালী জেলায় করোনায় আক্রান্ত ২৬। মৃত্যু ২, সুস্থ হয়েছেন ৩ জন।