ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

খল অভিনেতা বাবর মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭, ২৬ আগস্ট ২০১৯
খল অভিনেতা বাবর মারা গেছেন
খলিলুর রহমান বাবর

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর মারা গেছেন।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। 

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ছেলে রিয়াদুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

রিয়াদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে স্ট্রোক করলে বাবাকে স্কয়ারে ভর্তি করানো হয়। আজ (সোমবার) সকাল ৯টা ১০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এফডিসিতে বাদ যোহর বাবার জানাযা শেষে কলাবাগানের বাসায় নেয়া হবে। তারপর তাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা বাবর। গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সম্প্রতি স্ট্রোক করলে বাবরকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরেই গ্যাংরিন (পচন রোগ) সমস্যায় ভুগছিলেন তিনি। বাবরের বাঁ পায়ের তিনটি আঙুল গ্যাংরিন রোগে আক্রান্ত ছিল।

এর আগে গত ৩ মে চিকিৎসকের পরামর্শে গ্যাংরিন রোগে আক্রান্ত তিনটি আঙুলে অপারেশন করে কেটে ফেলা হয়। এরপরে ক্রমেই তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে। পরে চিকিৎসক রোগটি যাতে তার সারা শরীরে ছড়িয়ে না পরে এ কারণে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে গত ৯ জুন অপারেশন করে তার বাম পা অপসারণ করা হয়। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বাবর।

এদিকে, খলনায়ক হিসেবে অভিনেতার যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। অবশ্য মাঝে প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাই’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি।

তবে অভিনয়েই বেশি সময় পার করেছেন তিনি। পরে নানা অসুস্থ হওয়ার পরে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যান বাবর। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানকে রেখে গেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!