ক্যান্টিনে তালা লাগিয়ে অনশনের হুমকি নোবিপ্রবি শিক্ষার্থীদের
সাতদিনের মধ্যে দাবি না মানলে ক্যান্টিনে তালা লাগিয়ে অনশনের হুমকি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এ হুমকি দেন তারা। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য ও মান সঠিক রাখার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে এসজে আরাফাত বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে খাবারের দাম অনেক বেশি। খুব শিগগিরই খাবার মূল্য ও মান ঠিক রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আরেক শিক্ষার্থী বায়েজিদ বলেন, ক্যান্টিনে খাদ্যমান ও পরিমাণ অনুযায়ী অনেক বেশি মূল্য রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করছি এবং অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে খাবারের সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
পরবর্তীতে শিক্ষার্থীরা প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এবিষয়ে আমাকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা অবহিত করছে। বিষয়টি নিয়ে আমরা খুব শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করব।