ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি চায় জাতিসংঘ
ইরানকে অবশ্যই তাদের দুটি পরমাণু স্থাপনায় পরিদর্শকদের তাত্ক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তির (আইএইএ) প্রধান। ওই দুই স্থাপনায় দেশটি অঘোষিত পারমাণবিক পদার্থ সংরক্ষণ বা ব্যবহার করেছে বলে ধারণা করা হয়। বর্তমানে ওই দুই পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি চায় জাতিসংঘ।
সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় এজেন্সি বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইএইএ’র মহাপরিচালক মারিয়ানো গ্রোসি।
তিনি বলেন, আমি দুঃখিত যে এই মুহুর্তে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে ইরান থেকে আমাদের এই সহযোগিতা দরকার।
গ্রোসি বলেন, ৪ মাসেরও বেশি সময় ধরে ইরান তাদের দুটি স্থানে আইএইএ’র প্রতিনিধিদের প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া প্রায় এক বছর ধরে দেশটি সম্ভাব্য পারমাণবিক সংক্রান্ত কার্যক্রম সম্পর্কিত আমাদের প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর দেয়নি বা যথেষ্ট আলোচনায় যুক্ত হয়নি।
তিনি বলেন, বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার আগে ২০০০ সাল থেকেই ইরানের ৩টি স্থাপনার কার্যক্রম শুরু হয়েছে। ইরান আইএইএ’র তদন্তের কোনো আইনগত ভিত্তি রাখেনি বলেও জানান তিনি।
গ্রোসি সুস্পষ্ট করে জানান, পরমাণু সমঝোতা সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আজ পর্যন্ত ইরানের কোনো কার্যক্রমে পরিবর্তন আসেনি।
এর আগে গত জানুয়ারি মাসে ইরান আইএইএ-কে জানায় যে, ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা থাকবে না।
সূত্র- আল জাজিরা