অপহরণের একমাস পর গৃহবধূ উদ্ধার, গ্রেফতার ১
ফেনীর সোনাগাজী থেকে এক গৃহবধূকে অপহরণের একমাস ছয়দিন পর চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউপির ভোর বাজার এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে অপহরণকারী আব্দুল্লাহ প্রতীক চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে অহরণের শিকার হয় ওই গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর স্বামী সোনাগাজী মডেল থানায় একটি জিডি করেছিলেন। এ ঘটনায় গত সোমবার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউপির ভোরবাজার এলাকার শেখ বাহার উল্যাহর ছেলে মো. আবদুল্লাহ প্রতীক চৌধুরীসহ পাঁচজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেছেন।
.png)
ওই গৃবধুর সঙ্গে মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে আবদুল্লাহর পরিচয় হয়। এর পর দুজনের মধ্যে ফেসবুকেও যোগাযোগ চলতে থাকে। হঠাৎ করে গত কয়েক মাস ধরে আবদুল্লাহ ওই নারীকে উত্ত্যক্ত করে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিকভাবে অবৈধ সম্পর্ক তৈরির প্রস্তাব দেয়। অন্যথায় তাকে বাড়ি থেকে অপহরণ করার হুমকি দেয়। বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ব্যাপারে তিনি মিরসরাই গিয়ে আবদুল্লাহর পরিবারকে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। উল্টো এতে আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে গত ৪ ফেব্রুয়ারি রাতে গৃহবধু প্রকৃাতর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে আবদুল্লাহসহ কয়েকজন সহযোগী একটি গাড়িতে করে গৃহবধূকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. নওশের কোরেশী বলেন, উদ্ধারের পর মঙ্গলবার দুপুরে ফেনী সদর হাসাপাতালে ওই গৃহবধূর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলামের আদালতে ওই গৃহবধুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নিদের্শে গৃহবধূকে তার স্বামীর জিম্মায় দেয়া হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ অপহরণের একমাস পর এক গৃহবধূকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।