সিনেমা নির্মাণের কৌশল শেখাবেন মালেক আফসারী
মালেক আফসারী একজন চলচ্চিত্র পরিচালক। ১৯৮৩ সালে ‘ঘরের বউ’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক ধারায় অন্যতম সেরা পরিচালকদের নাম নিলেন প্রথম সারিতেই তিনি থাকবেন। তার পরিচালিত একাধিক ছবি দর্শকপ্রিয় হয়েছে।
আলমগীর, শাবানা, মান্না, সালমান শাহ, শাকিব খান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বড় বড় তারকা তার ছবিতে অভিনয় করেছেন। গত বছরও তার পরিচালনায় দারুণ সাফল্য পায় শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’।
এবার মালেক আফসারী গরিব ও মেধাবী তরুণ ছেলে-মেয়েদের ছবি নির্মাণের কলা-কৌশল শেখাবেন। এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন তিনি।
এ বিষয়ে মালেক আফসারী বলেন, করোনার এই দিনগুলোতে আপাতত ইউটিউবে কয়েকটি বিষয়ে সবাইকে প্রাথমিক ধারণা দেব। তবে ছবি নির্মাণ শিখতে গেলে অবশ্যই হাতে-কলমে অভিজ্ঞতা নিতে হবে। তার জন্য কিছুদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আশা করছি, খুব শিগগিরই মহামারি শেষ হলে বেশ কিছু নতুন ছেলে-মেয়ে নির্মাতা হিসেবে উপহার দিতে পারবো।
মালেক আফসারী নির্মিত ছবির মধ্যে রয়েছে- ‘এই ঘর এই সংসার’, ‘ঘরের বউ’, ‘গীত’, ‘রাস্তার রাজা’, ‘গোলমাল’, ‘সোনার সংসার’, ‘ধনী গরীব’, ‘ক্ষতিপূরণ’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘দূর্জয়’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘লাল বাদশা’, ‘হীরা চুন্নি পান্না’, ‘ঠেকাও মাস্তান’, ‘আমি জেল থেকে বলছি’, ‘উল্টাপাল্টা ৬৯’, ‘মনের জ্বালা’, ‘খোদার পরে মা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অন্তরজ্বালা’ ও ‘পাসওয়ার্ড’।