ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্দেহ হওয়ায় মামলা, কবর থেকে লাশ তোলা হলো শিশুর

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৯
সন্দেহ হওয়ায় মামলা, কবর থেকে লাশ তোলা হলো শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

আদালতের নির্দেশে মৃত্যুর দেড় মাস পর মাদারীপুরের শিবচরে চার বছরের এক শিশুর লাশ কবর থেকে তোলা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান ও শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেনের  উপস্থিতিতে লাশ তোলা হয়। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে উপজেলার পাঁচ্চর ইউপির হোগলার মাঠ গ্রামের সৌদি প্রবাসী সায়াদ মাঝির স্ত্রী তানিয়া বেগম তার ছেলে তামিমকে দেবর আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছাড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রায় দুই ঘণ্টা পরে শিশুটির মা তার ছেলের খোঁজ নিতে গিয়ে দেখেন তামিম মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে।

সে সময় স্বাভাবিক মৃত্যু ভেবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু তানিয়া বেগমের সন্দেহ হলে বাদী হয়ে গত ১৪ আগস্ট আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ তোলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সোমবার সকাল ১০টার দিকে লাশ তোলার পর ময়নাতদন্তের জন্য মাদারীপুরে নেয়া হয়।

Advertisement

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, শিশুটির মায়ের মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী কবর থেকে শিশুটির লাশ তোলার পর মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!