সন্তান চুরি, চোর ধরতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মা
সন্তান চুরির আশঙ্কায় ব্রহ্মপুত্র ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মা। তিনি সন্দেহ করেন, এসি কামরা থেকে চুরি হয়ে গেছে তার সন্তান।
চোরকে হাতেনাতে পাকড়াও করতেই মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে ঝাঁপ দেন তিনি। যদিও পরে ওই নারী বুঝতে পারেন তার সন্তান ট্রেনের ভেতরেই রয়েছে।
রোহিত গঙ্গোত্রী নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে ব্রহ্মপুত্র ট্রেনের এসি কামরায় ওঠেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং শিশু সন্তান। তিনজন তিনসুকিয়া থেকে ভাগলপুর যাচ্ছিলেন।
রোহিত বলেন, নির্ধারিত সময়ে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে ট্রেন ঢোকে। স্ত্রী সন্তানকে নিয়ে শুয়েছিলাম। আচমকাই স্ত্রী দেখেন তোয়ালেতে জড়ানো অবস্থায় সন্তানকে এক ব্যক্তি কোলে তুলে নিচ্ছে। দরজার দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। সন্তানকে ওই ব্যক্তি চুরি করতে এসেছেন বলেই অনুমান করেন স্ত্রী। তাই তাকে ধাওয়া করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়।
ট্রেনের ভেতর যথারীতি হইচই পড়ে যায়। কেনই বা নারী ঝাঁপ দিলেন, তা নিয়ে শোরগোল ফেলে দেন যাত্রীরা। ট্রেনের ভেতর ততক্ষণে শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় ট্রেনের সিটেই তোয়ালে জড়ানো অবস্থায় একাই শুয়ে রয়েছে দম্পতির দুধের সন্তান।
রোহিত বলেন, ওই ব্যক্তি সন্তানকে চুরি করেনি ঠিকই তবে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে।
ট্রেন থেকে ঝাঁপ দেয়ার ফলে ওই নারীর সারা শরীরে আঘাত পায়। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে। বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নারীকে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় আরো একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা।
ডেইলি বাংলাদেশ/এমকে