শীতে রুক্ষ ত্বক উজ্জ্বল করবে স্ক্রাবিং
সারাদেশে জাঁকিয়ে পড়েছে শীত। আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী এমন অবস্থা থাকবে আরো কয়েক মাস। তবে শীত জনজীবনে আনন্দ নিয়ে এলেও ত্বককে নির্জীব করে দেয়। কোমলতা হারিয়ে ত্বক হয়ে উঠছে রুক্ষ, প্রাণহীন।
শীতেও কোমল, উজ্জ্বল ত্বক কে না চান! তার জন্য প্রয়োজন পরিচর্যা। মৃত কোষ তুলে ত্বককে প্রাণবন্ত করে তুলতে স্ক্রাবিংয়ের জুড়ি নেই। মৃত কোষ তুলে ত্বকে প্রাণ সঞ্চার করে স্ক্রাবার। বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন স্ক্রাব। জেনে নিন কীভাবে স্ক্রাব বানাবেন-
মধু-দই
মধু ও টক দই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। সার্কুলার মোশনে ঘষে ঘষে সারা মুখে প্যাকটি লাগিয়ে নিন। ত্বকে পুষ্টি জোগাবে। এটি মুখে পুষ্টি জুগিয়ে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়াও মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ বা ফুসকুড়ি কমাতে কার্যকর।
চালের গুঁড়া
চালে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান, যা বয়স ধরে রাখতে সহায়ক। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। চালের গুঁড়ার সঙ্গে মধু ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে ও ঘাড়ে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এর পরে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে। আবার শসার রস ও লেবুর রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। আলতো মাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ হয়ে উঠবে। সপ্তাহে দু’দিন অলিভ অয়েলের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে পাঁচ মিনিট ত্বকে ম্যাসাজ করলে মৃত কোষ উঠে যায়।
মুসুর ডাল
সমপরিমাণ মুসুর ডাল গুঁড়া ও কাঁচা হলুদ বাটা, দই ও বেসন একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি আলতো করে মাসাজ করে লাগিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। লেবুর পরিবর্তে অলিভ অয়েলও দিতে পারেন। ত্বক শুষ্ক হলে মুসুর ডাল ও মধুর প্যাক খুব ভাল কাজে দেয়। সামান্য মধু ও মুসুর ডাল বাটা একসঙ্গে মিশিয়ে নিন। পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। আলতো মাসাজ করে প্যাক ধুয়ে ফেলুন
আটা-ময়দা-বেসন
প্রতিটি বাড়ির রান্নাঘরেই এই জিনিসগুলো মজুত থাকে। আর এগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। আটায় ভুসির পরিমাণ বেশি থাকায় প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও ভাল। তৈলাক্ত ত্বকের জন্য আটার প্যাক খুবই উপকারী।
চিনি
অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে সারা মুখে স্ক্রাব করুন। যতক্ষণ না চিনি গলে যায়, ততক্ষণ স্ক্রাব করতে থাকুন। এরপরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক।