ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলছেন গিবস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ২ মে ২০২০
রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলছেন গিবস
নিজের ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলছেন হার্শেল গিবস

আজ থেকে ১৪ বছর আগে ইতিহাস গড়া এক ম্যাচে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের সে ম্যাচে ৪৩৪ রানের পাহাড় গড়েছিলো সফরকারী অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও সফরকারীদের জয় নিয়ে মাঠ ছাড়তে দেননি হার্শেল গিবসরা। রেকর্ড গড়া সেই ম্যাচের ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন গিবস। অর্জিত পুরো অর্থ ব্যয় করবেন করোনাযুদ্ধে। 

২০০৬ সালের মার্চে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। হার্শেল গিবসের ১১১ বলে খেলা ১৭৫ রানের অতিমানবীয় এক ইনিংসের ওপর ভর করে ১ উইকেট ও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের সেই রেকর্ড এখনো বহাল তবিয়তে আছে। গিবসের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৭টি ছক্কার মারে। 

স্মৃতিময় ব্যাটটি এতদিন সযত্নে রেখে দিয়েছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। মহামারি করোনার প্রাদুর্ভাবের চরম দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রিয় ব্যাটটি এবার নিলামে তোলার ঘোষণা দিলেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই হার্ডহিটার ব্যাটসম্যান।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!