ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রূদ্ধশ্বাস ম্যাচে প্রাইম দোলেশ্বরের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ১৫ মার্চ ২০২০
রূদ্ধশ্বাস ম্যাচে প্রাইম দোলেশ্বরের জয়
ফাইল ফটো

রোববার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। প্রথমদিনেই রূদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হেসেছে দোলেশ্বর। মাত্র ৮ রানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা। 

এদিন তাইবুর রহমান পারভেজের সেঞ্চুরিতে ভর করে ২৩৮ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। জবাবে ২৩০ রানে থেমে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দোলেশ্বর। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন তাইবুর রহমান। ইনিংস শেষে ১১০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। 

Advertisement

দোলেশ্বরের আর কেউই বড় ইনিংসের দেখা পাননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ ইমরানুজ্জামান। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সাকলাইন সজিব। 

রান তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ব্রাদার্স। বলতে গেলে দলটির পুরো ইনিংস একাই টেনেছেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ১২৫ বলে ৯৭ রান করেন তিনি। 

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন তুষার ইমরান। শেষ ওভারে ২ উইকেট হাতে রেখে ৯ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। কিন্তু কোনো রান না দিয়ে দলের জয় নিশ্চিত করেন রেজাউর রহমান। তিনি শিকার করেন ৪ উইকেট। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!