‘রিমিক্স’ গান নিয়ে আসলেন হাবিব
দেশীয় সংগীতের একটা বৈপ্লবিক পরিবর্তন আসে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের হাত ধরে। অডিও অ্যালবাম, প্লেব্যাক এবং ভিডিও মাধ্যম মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তার অসংখ্য গান। ব্যক্তিগতভাবে নিজেও ক্যারিয়ারের শুরু থেকে এখনো অবধি জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে আসছেন তিনি।
২০১২ সালে প্রকাশিত ‘স্বাধীন’ নামের অ্যালবাম। এই অ্যালবামের ‘কুয়াশা’ গানটি করেছিলেন হাবিব ওয়াহিদ। এবার গানটির রিমিক্স ভার্সন করলেন তিনি। চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমির লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
হাবিব জানান, ২১ এপ্রিল নতুন ভার্সনটি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেন। ঘরবন্দী মানুষ যাতে বাসায় সময়টা উপভোগ করতে পারে সে জন্যই গানটি রিমিক্স করেছেন।
২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসেন হাবিব। সেই ধারাবাহিকতায় ২০০৪ সালে ‘মায়া’ এবং ২০০৫ সালে ‘ময়না গো’ শিরোনামের অ্যালবাম দুটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সে দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। এরপর একে একে হাবিবের বেশকিছু অ্যালবাম প্রকাশ পায়। এর মধ্যে- ‘শোন’, ‘বলছি তোমাকে’, ‘আহ্বান’, ‘স্বাধীন’ প্রভৃতি উল্লেখযোগ্য।
অডিও প্লেব্যাক মিলিয়ে হাবিবের কণ্ঠে অধিক জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- ‘দ্বিধা’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’, ‘দিন গেলো তোমারো পথ চাহিয়া’, ‘চন্দ্র গ্রহণ’, ‘এক মুঠো ভালোবাসা’, ‘হাওয়ায় হাওয়ায়’, ‘কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু’ উল্লেখযোগ্য।