ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৮ অক্টোবর ২০১৯
যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে ডাব চুরির অপরাধে মো. ফিরোজ হোসেন নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ফিরোজ হোসেন ধামইরহাট পৌর এলাকার দক্ষিণ চকযদু (মাহালীপাড়া) গ্রামের মো.তোফাজ্জল হোসেনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেওয়ান মো. মাসুদুর রহমানের নামে এক ব্যক্তির গাছ থেকে ডাব চুরি করতে গাছে ওঠেন ফিরোজ। এ সময় গাছের মালিক ওই যুবককে পাঁচ থেকে ছয়টি ডাবসহ হাতে-নাতে ধরে ফেলেন। পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার বুকে আমি ডাব চোর লেখা একটি কাগজ লাগিয়ে দেয়া হয়। এ অবস্থায় তাকে দীর্ঘক্ষণ রাখা হয়।

এ ব্যাপারে ওই গাছ মালিক বলেন, চুরি করে ডাব পাড়তে দেখে আমি ফিরোজকে ধরার চেষ্টা করি। কিন্তু তিনি আমাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে লজ্জা দেয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়।

ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই ওই যুবককে ছেড়ে দেয়া হয়।

ওসি আরো বলেন, আইন নিজের হাতে নেয়ার অধিকার কারো নেই। কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোর্পদ করতে হবে।

এর আগে ধামইরহাট খাদ্য গুদামের গাছ থেকে ডাব পাড়ার অপরাধে অভিযুক্ত ফিরোজ হোসেনকে কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!