বিশ্বকাপ ট্রফি দেশে আসছে বুধবার
প্রথমবার কোনো বিশ্বকাপ ট্রফির স্বাদ পেলো বাংলাদেশ। চারবারের যুব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতেছে টাইগাররা। এবার এ ট্রফির স্বাদ পাবে দেশের মানুষ। বুধবার দেশে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করবে আকবর আলীর দল।
শুরু থেকেই আক্রমণত্মক ক্রিকেট খেলা যুবারা ছিনিয়ে নিয়েছে ট্রফি। আসর শুরুও করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। ওঠে শেষ আটে। প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে পাত্তাই দেয়নি বাংলার যুবারা। তাদের হারিয়ে ওঠে শেষ চারে।
.png)
সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপার চেয়ে আর এক জয় দূরে জায়গা করে নেয় টাইগার যুবারা।
এবার বাধা ছিল ভারত। রোববার নিয়ন্ত্রিত বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে দুর্দান্ত ভারতকে মাটিতে নামিয়ে আনলো যুব ক্রিকেটাররা। ১৭৭ রানে গুটিয়ে দেয় ভারতীয় যুবাদের। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টাইগার ক্রিকেটাররা। তবে মাঝপথে খেই হারিয়ে ফেলে ব্যাটসম্যানরা।
মাঠে ছিল দলনেতা আকবর আলী। সব দায়িত্ব যেন নিজের ঘাড়ে নিলেন। দলীয় ৬২ রানে দলকে বাঁচাতে মাঠে আসেন এ ক্রিকেটার। ঠান্ডা মাথায় খেলে দল জিতিয়ে শিরোপা নিশ্চিত করে তবেই থামেন।