বখাটেদের উৎপাতে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউপির বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার ওই ছাত্রীর বাবা তিন বখাটের নামে তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগ এনে স্কুলের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিভাবক জানান, এ ঘটনার পর থেকে তার মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওই ছাত্রীর বাড়ি শেখর ইউপির বাজিদপুর।
.png)
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্কুলে কোচিং শেষ করে বাড়িতে ফেরার পথে বাজিদপুর গ্রামের অমল বালার ছেলে লিংকন বালা, শ্রীনাথ বালার ছেলে রিপন বালা ও অমর বালার ছেলে তন্ময় বালা এই ছাত্রী বাড়ির কাছে তার উপর চড়াও হয়। তারা হাত ধরে তাকে টানাটানি করে নাজেহাল করে।
এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রোববার ওই তিন জনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে ছাত্রীর চাচাতো ভাই বলেন, ঘটনার পর থেকে আমার বোন খুব কান্নাকাটি করছে এবং সে স্কুল যাচ্ছে না।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রুপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার মোল্লা বলেন, ঘটনার কথা আমি শুনেছি। এ ব্যাপারে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সভাপতি কেউ ছাত্রীর ঘটনাটি আমাকে জানায়নি।