ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরীক্ষা কেন্দ্র বাতিলের দাবিতে ক্লাস বর্জন, স্কুলে তালা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২৮ অক্টোবর ২০১৯
পরীক্ষা কেন্দ্র বাতিলের দাবিতে ক্লাস বর্জন, স্কুলে তালা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন বাতিলের দাবিতে তিনদিন ধরে ক্লাস বর্জন ও ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার এই বিক্ষোভে অংশ নেয় উপজেলার রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় সাড়ে ৩শ’ শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল জায়গীর স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু চলতি বছর কেন্দ্র পরিবর্তন হয়ে পায়রাবন্দ কলেজ কেন্দ্রে পরীক্ষা হবে। এ কারণে শিক্ষার্থীরা পায়রাবন্দ কেন্দ্রর পরিবর্তন করে পুনরায় জায়গীর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দেয়ার জন্য বিক্ষোভ করেছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এরআগে গত বৃহস্পতিবার একই দাবিতে ক্লাস বর্জন করেছিল প্রায় সাড়ে ৩শ’ শিক্ষার্থী।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারজান, খোকন, ইসরাত জাহান ও মেহজাবিন তাছমিন জানান, রাণীপুকুর হতে জায়গীর স্কুল অ্যান্ড কলেজে যেতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা। কিন্তু পায়রাবন্দ কলেজ কেন্দ্রে যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। পরীক্ষার দিন আমরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সময়ের আগে কখনই পৌঁছাতে পারবো না।

তারা আরো জানান, আমরা জায়গীর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে চাই। তাই স্কুলে ক্লাস বর্জন ও তালা ঝুলিয়ে দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলছে।

রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ওই প্রতিষ্ঠান হতে মানবিক ও বিজ্ঞান শাখার প্রায় ২শ’ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি জানান, কিছু নীতিগত কারণে জায়গীর কেন্দ্র পরিবর্তন করে পায়রাবন্দে নেয়ার আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা না চাইলে পুনরায় জায়গীর কেন্দ্রে তাদের নিয়ে আসা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!