তামিমকে অশোভন ইঙ্গিত করায় দর্শক আটক
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে অশোভন আচরনের অভিযোগে এক দর্শককে আটক করা হয়েছে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন সময়ে তামিম ইকবাল আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে এ ঘটনা ঘটে।
তামিমের সঙ্গে অশোভন আচরণের পর তাৎক্ষণিকভাবে আটক করা হয় সেই যুবককে। তার নাম হামিদুর রহমান। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম ডেইলি বাংলাদেশকে জানান, তামিম ইকবাল আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে তাকে আঙুল দেখিয়ে অশোভন ইঙ্গিত করেন ঐ দর্শক। এতে রাগান্বিত হয়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে অশোভন আচরণের প্রতিক্রিয়াও দেখান তামিম ইকবাল। পরে এ ঘটনায় সেই দর্শককে আটক করা হয়।
বিসিবির নিরাপত্তা আইন মেনে প্রথমে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছিল নিরাপত্তা বিভাগ। তবে পরবর্তীতে অভিভাবক ডেকে ম্যাচ শেষে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন হোসেইন ইমাম। অভিযুক্ত দর্শকটি গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৩ বল খেলে ২৪ রান করেন তামিম ইকবাল।