[ দেশজুড়ে ]
মনপুরায় ব্যানার টাঙানো নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা
মনপুরায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার মনপুরা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একই স্থানে দুই প্রার্থীর নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে তাদের সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের সমর্থকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।
সংশ্লিষ্ট দুই প্রার্থী হলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা এবং মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!