জোসেফ-লুইসে জয়ে শুরু ক্যারিবীয়দের
পেসার আলজারি জোসেফের বোলিং ও ওপেনার এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সহজ জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়রা ৫ উইকেটে হারিয়েছে আইরিশদের। ম্যাচের সেরা জোসেফ ৩২ রানে ৪ উইকেট নেন। ওপেনার হিসেবে নেমে ৯৯ রানে অপরাজিত থাকেন লুইস।
বার্বাডোজে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৪ রান পায় আয়ারল্যান্ড। দু’ওপেনারকেই সাজঘরে পাঠান জোসেফ। পল স্টার্লিং ১৫ ও গ্যারেথ ডেলানি ১৯ রান করে ফেরেন।
জোসেফের জোড়া আঘাতের পর আয়ারল্যান্ডের পরের দিকের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেয়নি ক্যারিবীয় বোলাররা। তাই ১৫০ রানেই নবম উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ উইকেটে ৩০ রানের জুটিতে ১৮০ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন উইকেটরক্ষক লরকান টাকার।
জয়ের জন্য ১৮১ রানের টার্গেটে এক প্রান্তে আগলে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রাখেন লুইস। ৪৬ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩টি চার ও ২টি ছক্কায় ৯৯ বলে ৯৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি।
একই ভেন্যুতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।