চিরসবুজ থাকার রহস্য জানেন কি?
প্রাকৃতিক নিয়মে মানুষের বয়স বেড়ে চললেও কে চায় বলুন ত্বকে তার প্রভাব ফেলতে? সবাই চিরসবুজ থাকতে চায়। প্রতিদিনই মানুষের একটু একটু করে বয়স বাড়ে, বিশেষ করে ২৫ বছর বয়সের পর থেকে ত্বকে তার প্রভাব পরতে শুরু করে। তবে এটা কিন্তু কোনো দুঃসংবাদ নয়। শরীর, ত্বক, মন, অর্থাৎ পুরো মানুষটিই বদলায় ধীরে ধীরে-
অ্যান্টি-এজিং ক্রিম
দেখতে সুন্দর হওয়া বা সুন্দর ত্বক পেতে চাইলে শুধু অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহারই কি যথেষ্ট? স্বাভাবিকভাবেই উত্তরটি হবে ‘না’৷ দীর্ঘদিন তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজন অনেক কিছু। সুশৃঙ্খল জীবনযাত্রা, স্বাস্থ্যকর খাবার, হাঁটাচলা, ব্যায়াম, পজিটিভ চিন্তা করা, মনকে প্রফুল্ল রাখা আর এই সব কিছুর পাশাপাশি রূপচর্চা তো রয়েছেই।
শুধু জীন দায়ী নয়
মোটা হওয়ার কারণে যাদের নানা অসুখ-বিসুখ রয়েছে, তাদের অনেককেই বলতে শোনা যায়, জেনেটিক কারণেই নাকি তাদের এ অবস্থা। ব্যাপারটা পুরোপুরি ঠিক নয়, কারণ দেখা গেছে একই পরিবারে দুই ভাই বা দুই বোনের মধ্যে খাদ্যাভাস ও জীবধারনের কারণে দু’রকম হয়ে থাকে। কাজেই সচেতনতার কোনো বিকল্প নেই!
বেশি গুরুত্ব দেয়া
বয়স বাড়া মানেই কোনো কিছু পরিত্যাগ করা নয়, এমনটিই বলেন ভিটেন-হ্যার্ডেকে বিশ্ববিদ্যালয়ের ত্বক বিশেষজ্ঞ উলরিকে হাইনরিশ। বয়সের সঙ্গে পরিবর্তন হওয়া স্বাভাবিক, তবে তাতে সৌন্দর্য হারাতে হবে- এমন কোনো কথা নেই। বয়সের সঙ্গে ত্বক পাতলা এবং শুষ্ক হয়। তাই এমন ক্রিম বা কসমেটিক ব্যবহার করতে হবে যাতে ভিটামিন এ, সি এবং ই-থাকে।
অতিরিক্ত রোদ থেকে দূরে
চর্ম বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। এতে যে ত্বক সহজে বুড়িয়ে যায় তা নয়, এর ফলে ত্বকে ক্যান্সারও হতে পারে। তাছাড়া আজকাল পরিবেশ দূষণও ত্বকে বিশেষভাবে প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব দূষণ থেকে নিজেকে দূরে রাখা এবং বাইরে থেকে ফিরে গোসল বা ভালো করে হাত-মুখ ধোয়া উচিত।
কসমেটিক
বর্তমানে সৌন্দর্য চর্চায় আবার আগের ট্রেন্ড ফিরে এসেছে। অর্থাৎ গাছগাছালির পাতা, রস, শেকড় ইত্যাদির তৈরি ভেষজ ক্রিম, পাউডার, তেল নানা কিছু এসে গেছে বাজারে। সৌন্দর্য পিপাসু অনেকেই আজকাল তাই সেদিকেই ঝুঁকছেন।
খাওয়া-দাওয়া
সুস্থ আর সুন্দর থাকতে খাওয়া-দাওয়ার ভূমিকা অনেক। মানুষের শরীরে প্রোটিন, ভিটামিন, শর্করা, মিনারেল এগুলোর দরকার। সব কিছুই খাওয়া উচিত, তবে একটা পরিমিতিবোধ থাকতে হবে। প্রচুর শাক-সবজি, ফল-মূল খাবার তালিকায় থাকা প্রয়োজন। মুখ হচ্ছে শরীরের আয়না। অর্থাৎ শরীরের ভেতরটা ভালো থাকলে চোখে-মুখে তার প্রভাব তো পরবেই।
নিয়মিত ব্যায়াম
শুধু সুন্দর মুখ আর টানটান ত্বকই তারুণ্যের চাবিকাঠি নয়। শরীরটাও থাকতে হবে টানটান আর সেজন্য চাই নিয়মিত কিছুক্ষণ শরীরচর্চা বা ব্যায়াম এবং মুক্ত বাতাস সেবন। শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকার জন্য বছরে অন্তত একবার ‘মেডিকেল চেকআপ’ করিয়ে নেয়াও অত্যন্ত দরকারি।
গ্রিন-টি
সৌন্দর্য চর্চা বা তারুণ্য ধরে রাখতে গ্রিন-টি বা সবুজ চায়ের জুড়ি নেই। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত গ্রিন-টি পান শরীরে ইতিবাচক প্রভাব ফেলে। ডাক্তার হাইনরিশ বলেন, ১২ সপ্তাহ ধরে ৬০ জন মানুষকে প্রতিদিন গ্রিন-টি পান করিয়ে একটি সমীক্ষা চালানো হয়। তাদের ত্বক অনেক টানটান ছিল অন্যদের চেয়ে।