খুলনায় মাদরাসাছাত্রী ধর্ষণ, যুবক গ্রেফতার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ বিল্লাহ ওরফে রাজন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত রাজন সোনাডাঙ্গা মডেল থানার আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসিন্দা এ কে এম আলী হোসেনের ছেলে।
ধর্ষণের শিকার মাদরাসাছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী খুলনা মহানগরীর একটি মহিলা কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
.png)
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্ব পরিচয়ের জের ধরে মঙ্গলবার বিকেলে ওই মাদরাসাছাত্রীকে সোনাডাঙ্গা মডেল থানার আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রাজন। এ ঘটনা কাউকে না বলতে তাকে নিষেধ করা হয়। বিষয়টি ওই ছাত্রী বাসায় ফিরে তার মাকে জানায়। এরপর তারা থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে। পরে পুলিশ মঙ্গলবার গভীর রাতে নগরীর দৌলতপুর থানা এলাকা থেকে রাজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই মাদরাসাছাত্রী সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন।
থানার ওসি মমতাজুল হক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।