ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ক্রিকেট মাঠে ঢুকলো সাপ, বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ৯ ডিসেম্বর ২০১৯
ক্রিকেট মাঠে ঢুকলো সাপ, বন্ধ খেলা
ছবিঃ সংগৃহীত

হরেক কারণেই এর আগে মাঠে খেলা বন্ধ থেকেছে। অতি উৎসাহী সমর্থক থেকে শুরু করে মৌমাছি, কুকুর, বিড়ালের জন্য বন্ধ থাকে খেলা। বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকা স্বাভাবিক ব্যাপার। তবে এবার মাঠে সাপ ঢুকে পড়ায় খেলা বন্ধ থাকার ঘটনা ঘটলো। 

ঘটনাটি ঘটেছে ভারতে। সোমবার রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে বিজয়ওয়াড়ার মাঠে ঢুকে পড়ে একটা সাপ। মাঠের ভিতরে নিজের খেয়াল খুশিতে অনেকটা সময় এদিক-ওদিক ঘুরে বেড়ায় সরীসৃপটি। এদিকে সাপের আতঙ্কে দু’দলের ক্রিকেটাররাই হয়ে পড়েন ভীতসন্ত্রস্ত। 

রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভের অধিনায়ক ফয়জল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। হনুমা বিহারীর নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ ব্যাট করতে নামার পরেই এমন কাণ্ড ঘটে। ক্রিকেটাররা আবিষ্কার করেন মাঠের ভিতরে এঁকেবেঁকে হেঁটে চলেছে একটা সাপ। ফলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। সাপ তাড়ানোর জন্য মাঠের ভিতরে চলে আসেন একাধিক মাঠকর্মী। সাপটাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার পরে ফের শুরু হয় খেলা।

এর আগেও রঞ্জি ট্রফির খেলা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। বছর দুয়েক আগে দিল্লি ও উত্তর প্রদেশের ম্যাচ চলাকালীন পালাম এয়ার ফোর্সের মাঠে ঢুকে পড়েছিল একটা গাড়ি। তার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!