ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

উদ্যোক্তাদের জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান ডিসিসিআই’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ৩ এপ্রিল ২০২০
উদ্যোক্তাদের জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান ডিসিসিআই’র
ফাইল ছবি

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি( ডিসিসিআই)। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত ও অপ্রচলিত খাতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহ (এমএসএমই) অর্থনীতির প্রবৃদ্ধিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে এই এমএসএমই’দের আথিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। অর্থনীতির সব স্তরে এমএসএমই’র অর্ন্তভুক্ত খাত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত। অনেক এমএসএমই সীমিত বেচা-কেনা ও পুঁজি সংকটের কারণে খুব খারাপ সময় অতিবাহিত করছে। তাদের অনেকেই সময় মতো শ্রমিক এবং কর্মচারীদের বেতনাদি পরিশোধ করতে পারছেনা যা বেকারত্ব বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। 

আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া এমএসএমই এবং অপ্রচলিত খাতের সুরক্ষায় বেতনাদি পরিশোধের সুযোগ করে দিতে সরকারকে ১ শতাংশ সুদে ৩ বছর মেয়াদি একটি জরুরি তহবিল গঠন করতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ডিসিসিআই। যে সব এমএসএমই’র বার্ষিক টার্নওভার ১ কোটি টাকা তাদের জন্য ১ শতাংশ আর যে সব এমএসএমই’র বার্ষিক টার্নওভার ১ কোটি টাকার উপর তাদের জন্য ২ শতাংশ সুদ হারে ওই তহবিল থেকে ঋণ প্রদানের প্রস্তাব করে সংগঠনটি। আর এই ঋণ পরিশোধের ক্ষেত্রে এমএসএমইর জন্য ১ বছরের গ্রেস পিরিয়ড প্রদান করা যেতে পারে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় এমএসএমই’র জন্য প্রদত্ত ঋণের সুদ আগামী ১ বছরের জন্য মওকুফ করার আহ্বান জানায় ডিসিসিআই। 

এমএসএমই’র অর্থায়ন সহজলভ্য করতে স্বল্প সুদে এবং সহজতর জামানত শর্তে বিদ্যমান পুনঃঅর্থায়ন (এসএমই রিফিন্যান্সিং) তহবিলকে পূর্ব-অর্থায়ন (এসএমই প্রিফিন্যান্সিং) তহবিলে রূপান্তরের সুপারিশ করা হয় বিজ্ঞপ্তিতে। 

Advertisement

এসবের পাশাপাশি ডিসিসিআই আগামী ছয় মাসের জন্য এসএলআর হ্রাস এবং অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) অর্থাৎ আমানতের বিপরীতে ঋণ প্রদান করার হার শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। এছাড়াও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ তহবিল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডিসিসিআই।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!