ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খবর ]

উইন্ডিজের ইংল্যান্ড সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ২৬ এপ্রিল ২০২০
উইন্ডিজের ইংল্যান্ড সফর স্থগিত
উইন্ডিজের ইংল্যান্ড সফর স্থগিত

চলতি বছরের জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে করোনাভাইরাসের কারণে খেলার পরিবেশ না থাকায় দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে সফরটি স্থগিত করেছে।

রোববার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে সিরিজটি পিছিয়ে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে আয়োজনের ব্যাপারে আলোচনা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট খেলা আয়োজনের মতো নিরাপদ পরিবেশ না থাকায় শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘আমরা দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজের সম্ভাব্যতার ব্যাপারে আলোচনা করেছি। শেষ পর্যন্ত খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমরা। তাই পরিস্থিতি বিবেচনায় সফরটি স্থগিত করা হয়েছে’।

তিনি আরো যোগ করেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যতে সিরিজ হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাবো। শুধু ইসিবির সঙ্গেই নয়, অন্যান্য বোর্ডের সঙ্গেও আমাদের আলোচনা অব্যাহত থাকবে। খেলার পরিবেশ ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল আমরা ইংল্যান্ড সফরে রাজি হব’।

করোনাভাইরাসের কারণে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়া নতুন বিষয় নয়। বিগত কয়েক মাস ধরেই একেরপর এক সিরিজ কোভিড-১৯ এর থাবায় স্থগিত হয়ে গেছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!