কটিয়াদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার আয়োজনে কটিয়াদী সরকারি কলেজ মাঠে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুল হক সজল সরকার।
সমাপনী আয়োজনকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের আয়োজন সম্পন্ন হয়। পরে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় ভক্তদের মধ্যে একদিকে ছিল উৎসবের আনন্দ, অন্যদিকে ছিল বিদায়ের আবেগ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের এ আয়োজন ও প্রতিমা বিসর্জন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।