ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের ১৬৯ গোপন ইমেইল প্রকাশ করল হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৪, ১৯ মে ২০২০
ট্রাম্পের ১৬৯ গোপন ইমেইল প্রকাশ করল হ্যাকাররা
ছবি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন ১৬৯টি ইমেইল প্রকাশ করেছে হ্যাকাররা। প্রত্যাশিত ৪২ মিলিয়ন ডলার মুক্তিপণ না পাওয়ায় আরএভিল নামে একটি হ্যাকার গ্রুপ সম্প্রতি এই ইমেইলগুলো প্রকাশ করে।

ইমেইলগুলো প্রকাশের আগে এক বিবৃতিতে গ্রুপটি জানায়, আমরা যার গোপন নথি প্রকাশ করছি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনে একটি নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনকে সামনে রেখেই আমরা তার সব কুকীর্তি প্রকাশ করে দেব। তার একটন নোংরা তথ্য আমরা পেয়েছি। এসব গোপন কথা প্রকাশ করার পর আপনারা ভোটাররাই চাইবেন না তাকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে।

তবে তাদের প্রকাশিত এসব ইমেইলে ট্রাম্পের ইমেজের ক্ষতি হওয়ার মত কিছু পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গ্রুপটির তথ্য প্রকাশ থেকে ধারণা করা হচ্ছে তারা ‘ট্রাম্প’ লিখে অনুসন্ধান করেছিল এবং যে সব ইমেইল পেয়েছে তাই প্রকাশ করেছে।

এদিকে হ্যাকার গ্রুপটি ফের হুমকি দিয়ে বলেছে, তারা মুক্তিপণ ৪২ মিলিয়ন ডলারের জন্য এখনো অপেক্ষা করছে, যদি না পায় তবে ভিন্ন ব্যবস্থা নেবে।

তারা আরো জানায়, প্রতি সপ্তাহে তারা চুরি হওয়া এসব ডাটা ডার্ক ওয়েব বাণিজ্যে নিলামে তুলবে। এ ব্যাপারে কে কি বলছে তারা ভাবছেনা। তাদের মূল উদ্দেশ্যে অর্থ।

হ্যাকার গ্রুপটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সরাসরি কথা বলতে চায়। তাদের মতে, এতে ট্রাম্প নিজেই এসব ডাটা কিনে নেবেন, প্রেসিডেন্ট নির্বাচনে যা তার জন্য আর ক্ষতিকর হবে না।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আইন বিষয়ক প্রতিষ্ঠান গ্রুবম্যান শেয়ার মিসেলাস অ্যান্ড স্যাকস এর কয়েক হাজার নথি চুরি করে চাঁদা দাবি করেছিল এই গ্রুপটি। এছাড়া মার্কিন সংগীত তারকা ল্যাডি গাগাকে নিয়েও গোপন তথ্য প্রকাশ করেছিল তারা।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই গ্রুপটিকে এরইমধ্যে সাইবার সন্ত্রাসী আখ্যা দিয়েছে ।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!