ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের উপায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ২১ জুলাই ২০২৬
হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের উপায়
ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ছবি: পেক্সেলস

কাজের প্রয়োজনে হোটেলে ওঠার সময় বেশিরভাগ মানুষই পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধার দিকে নজর দেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে হোটেল, অতিথিশালা বা ভাড়া বাসায় গোপন ক্যামেরা পাওয়ার কিছু ঘটনা সামনে আসায় ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বেড়েছে।  

প্রযুক্তি সহজলভ্য হওয়ায় গোপন ক্যামেরা এখন ঘড়ি, স্মোক ডিটেক্টর, চার্জার অ্যাডাপ্টর কিংবা সাজসজ্জার জিনিসের ভেতরে সহজেই লুকিয়ে রাখা যায়। আর তাই হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের কৌশলগুলো জেনে নেওয়া যাক।

Advertisement

হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ
প্রথমেই কক্ষটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কক্ষে থাকা স্মোক ডিটেক্টর, ঘড়ি, বৈদ্যুতিক সকেট, দেয়ালের সাজসজ্জা, খেলনা বা আয়না ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। এগুলোর কোনোটি অস্বাভাবিক জায়গায় বসানো থাকলে বা আশপাশের জিনিসের তুলনায় নতুন মনে হলে ভালোভাবে পরীক্ষা করতে হবে।

অন্ধকার করে টর্চলাইট ব্যবহার
ঘরের সব আলো নিভিয়ে টর্চলাইট জ্বালিয়ে হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে দেখতে হবে। ক্যামেরার লেন্স আলো প্রতিফলিত করে, তাই কোথাও আলোর প্রতিফলন দেখা গেলে বুঝতে হবে, সেখানে ক্যামেরা রয়েছে। আয়না, ঘরের কোণ বা ছবির ফ্রেমও পরীক্ষা করতে হবে।

ফোনের ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড শনাক্ত করা
গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা সম্ভব নয়। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এ জন্য প্রথমে কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু থাকা অবস্থায় সন্দেহজনক স্থানগুলোর ছবি পরখ করতে হবে। ক্যামেরার পর্দায় যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে।

ওয়াই–ফাই নেটওয়ার্কে অচেনা যন্ত্রের সন্ধান
ওয়্যারলেস ক্যামেরা সাধারণত একই ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত থাকে। আর তাই স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের যন্ত্র যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, তবে সতর্ক হতে হবে।

রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার
কম দামের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করে সহজেই ক্যামেরা বা মাইক্রোফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব। কক্ষে এ ধরনের কোনো যন্ত্র চালু থাকলে ডিটেক্টরে আলো জ্বলে বা শব্দ হবে। ফলে সহজেই গোপন ক্যামেরা শনাক্ত করা যাবে।

আয়না পরীক্ষা করা
আয়নার পেছনে ক্যামেরা লুকানো থাকতে পারে। আর তাই আয়নার নির্দিষ্ট স্থানে আঙুল দিয়ে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যদি আঙুল ও তার ছবির মধ্যে ফাঁক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সেটি সাধারণ আয়না। আর ফাঁকা না থাকলে সতর্ক হতে হবে।

যদি কোনো ডিভাইস দেখে সন্দেহ হয়, সেটি নিজে খুলতে বা নষ্ট করতে যাবেন না। প্রথমে ছবি বা ভিডিও তুলে রাখুন। এরপর হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং প্রয়োজন হলে অন্য রুমের অনুরোধ করুন। পরিস্থিতি গুরুতর মনে হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।

হোটেল বেছে নেওয়ার আগে অনলাইন রিভিউ দেখে নিন। বিশ্বস্ত ও পরিচিত প্রতিষ্ঠানে থাকার চেষ্টা করুন। রুমে অপ্রয়োজনীয় বা অপরিচিত ইলেকট্রনিক ডিভাইস থাকলে তা সম্পর্কে জিজ্ঞাসা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সন্দেহজনক পরিস্থিতিকে হালকাভাবে না নেওয়া।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!