স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
গাজীপুরের জয়দেবপুরে পারিবারিক বিরোধের জেরে নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে ওই উপজেলার হোতাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বশরী গাজীপুর সদরের নলজানী মধ্যপাড়ার আফজাল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত আফজাল ও তার বাবা-মা পলাতক রয়েছে।
নিহতের মা জানান, আফজাতের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় রাবেয়ার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। কলহের জেরে প্রায়ই রাবেয়াকে নির্যাতন করতেন আফজাল। বুধবার রাতে আফজালের বাবা ফজলুল হক কল করে জানান- আফজালের সঙ্গে ঝগড়ার পর রাবেয়া অসুস্থ হয়ে পড়েছে। রাতেই রাবেয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর মাথায় আঘাত করেন আফজাল। ধারণা করা হচ্ছে, এ কারণেই রাবেয়ার মৃত্যু হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।