ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অর্থ পুরস্কার মিলবে আরচারিতে পদক জয়ে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অর্থ পুরস্কার মিলবে আরচারিতে পদক জয়ে
ছবি: সংগৃহীত

নিজেদের ক্যারিয়ার সেরা স্কোরে আরচারির র‌্যাংকিং রাউন্ডে রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব, ঐশ্বর্য্য রহমান আর বন্যা আক্তার একে একে ছুঁয়ে ফেললেন । কিন্তু সংখ্যার এই উজ্জ্বলতা তো কেবল সূচনা; আসল লড়াই শুরু হচ্ছে রোববার থেকে। যেখানে প্রতিটি তীর নির্ধারণ করবে টিকে থাকা বা বিদায়ের ভাগ্য, আর শেষ প্রান্তে অপেক্ষা করছে পদকের হাতছানি। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সেই পদক ছুঁতে পারলে বাংলাদেশি তীরন্দাজদের জন্য অপেক্ষা করছে আর্থিক পুরস্কারও।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল একই সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতির পদেও; তিনিই খোলাসা করেছেন এই পুরস্কারের অঙ্ক। কালবেলাকে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘স্বর্ণজয়ে ১০ লাখ, রুপার জন্য ৫ লাখ এবং ব্রোঞ্জ জিতলে ৩ লাখ টাকা পুরস্কার পাবেন আরচারি খেলোয়াড়রা। তাদের উজ্জীবিত করতে ফেডারেশনের তরফে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

গেমসের ময়দানে বাংলাদেশের উপস্থিতি এবার বেশ বিস্তৃত। ছেলেদের রিকার্ভ বিভাগে ব্যক্তিগত ও দলগত লড়াইয়ের পাশাপাশি লড়ছে মিশ্র দলগত ইভেন্টও। কম্পাউন্ড বিভাগেও একই ছবি- ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত, তিন ইভেন্টেই লড়ছেন লাল-সবুজের তীরন্দাজরা। শনিবার সবগুলো ইভেন্টের র‌্যাংকিং রাউন্ড শেষ হওয়ার পর ঠিক হয়ে গেছে কে কার প্রতিপক্ষ। রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে শুরু হবে এলিমিনেশন রাউন্ড- যে রাউন্ডে জয় মানেই এগিয়ে যাওয়া, আর হার মানেই বিদায়।

Advertisement

গেমস শুরুর আগে সম্ভাবনার তালিকায় নাম ছিল শুটিং, নারী ও পুরুষ কাবাডি এবং নারী ক্রিকেটের। বাস্তবতা অবশ্য সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি। এখন পর্যন্ত বাংলাদেশের অর্জনের খাতায় জমা পড়েছে কেবল একটি পদক- উশু থেকে, জিন্নাত আক্তারের হাত ধরে। খাতাটি আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা এখনো টিকে আছে, আর সেই ভরসার নাম আরচারি ও পুরুষ ক্রিকেট। এই বাস্তবতায় তীরন্দাজদের উজ্জীবিত করতে ফেডারেশনের এই উদ্যোগ।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!