ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া, শেষ ষোলোর লড়াইয়ে জমজমাট সমীকরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ২৪ জুন ২০২৬
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া, শেষ ষোলোর লড়াইয়ে জমজমাট সমীকরণ
ছবি সংগৃহীত

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর বিপক্ষে কষ্টার্জিত কিন্তু গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার (২৪ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকান প্রতিনিধি কঙ্গোকে ১-০ গোলের ব্যবধানে হারায় দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত রাখল কলম্বিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। প্রথমার্ধে বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা পায়নি কোনো দলই। কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনোজরা কঙ্গোর রক্ষণভাগকে তটস্থ করে রাখেন। প্রথমার্ধেই মুনোজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

Advertisement

ম্যাচে কঙ্গোকে টিকিয়ে রাখার মূল কৃতিত্ব তাদের গোলরক্ষক লিওনেল এমপাসির। প্রথমার্ধে রদ্রিগেজ, দিয়াজ, মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার একাধিক বুলেট গতির শট অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। অন্যদিকে কঙ্গোও বেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে কলম্বিয়ার ডি-বক্সে আতঙ্ক ছড়ায়। তবে গোল না হওয়ায় শূন্য হাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় কলম্বিয়া। তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ আরও দুবার বল জালে পাঠালেও একবার ফাউল এবং অন্যবার অফসাইডের কারণে গোল দুটি বাতিল করেন রেফারি। তবে কলম্বিয়ার অপেক্ষার অবসান ঘটান ড্যানিয়েল মুনোজ। তার করা একমাত্র নান্দনিক গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দল।

এই জয়ের পর ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত হলো কলম্বিয়ার। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জাস্ট ড্র করলেই গ্রুপসেরা হিসেবে পরের পর্বে যাবে তারা। বর্তমানে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

এদিকে, পরাজয়ের পরও বিশ্বকাপ থেকে এখনই বিদায় ঘটছে না ডিআর কঙ্গোর। শেষ ম্যাচে তারা যদি উজবেকিস্তানকে হারাতে পারে, তবে রানার্স-আপ কিংবা সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে তাদের।

আগামী ২৭ জুন একই সময়ে মাঠে নামবে এই গ্রুপের চার দল। আটলান্টায় ডিআর কঙ্গো মুখোমুখি হবে উজবেকিস্তানের, আর মিয়ামিতে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে লড়বে কলম্বিয়া ও পর্তুগাল।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!