প্রতিনিধি দল কবে নাগাদ পাকিস্তান ভ্রমণে আসবে তা নিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম।
এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের গড়িমসি যেনো শেষ হওয়ার না। এই নাটকীয়তা হার মানাবে যেকোনো মেগা সিরিয়ালকেও। টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যাবে না। আর আয়োজক পাকিস্তানও নাছড়বান্দা।
.png)
কোনোভাবেই আয়োজক স্বত্ব হারাতে চায় না পাকিস্তান। এতসব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই কাটেনি ধোঁয়াশা।
২৬ নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। তবে ভারত এখনো পাকিস্তানে গিয়ে খেলতে সম্মতি না জানানোয় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি।
মোটাদাগে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে আইসিসি। যা নিয়ে পিসিবি ও দেশটির ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম।
আইসিসির সেই প্রতিনিধি দল কবে নাগাদ পাকিস্তান সফর করবে তা নিয়ে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে পাক ভ্রমণে যাবে আইসিসির ডেলিগেটরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করা হয়েছে।
যদিও এখন পর্যন্ত নাকি আইসিসি থেকে কোনোরকম আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি পিসিবির পক্ষ থেকে। শুধু তাই নয়, পিসিবির সূত্র আরো জানায় পাকিস্তান সফরের আগে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি।