ফিফাকে লাল কার্ড দেখালেন ট্রাম্প!
রসিকতা করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধহস্ত তা বিশ্বব্যাপীই আলোচিত। এবারে ফিফা সভাপতি ও সাংবাদিকদের সঙ্গে এমনই এক মজার কাণ্ড করে বসলেন বহুল আলোচিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প।
ঘটনাটি ঘটে মূলত মঙ্গলবার। এইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে সৌজন্যমূলক হিসেবে একটি লাল কার্ড ও হলুদ কার্ড উপহার দেন তিনি। এছাড়া ট্রাম্পের নাম সম্বলিত একটি জার্সিও উপহার দেয়া হয়। মূলত ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখেই ফিফা সভাপতির এই মার্কিন সফর।

উপহারণস্বরূপ দেয়া কার্ডগুলো হাত বদলের সময় ফিফা প্রেসিডেন্ট বেশ ভালোভাবেই লাল কার্ড ও হলুদ কার্ডের ব্যবহার বুঝিয়ে দেন ট্রাম্পকে। ইনফান্তিনো বলেন, প্রথমে হলুদ কার্ড দেয়া হয় সতর্কতা হিসেবে। পরে গুরুতর অপরাধ করলে লাল কার্ড দেখিয়ে অভিযুক্ত খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেয়া হয়।
লাল ও হলুদ কার্ডের ব্যবহার বুঝে গিয়ে ট্রাম্প বলেন, এটা খুব ভালো। আমার পছন্দ হয়েছে। এরপর ঘটনাস্থলে উপস্থিত মিডিয়াকর্মীদের সঙ্গে মজায় ব্যস্ত হয়ে পড়েন। মজার ছলে লাল কার্ড হাতে নিয়ে কক্ষে উপস্থিত সাংবাদিকদের দেখিয়ে বের হয়ে যাওয়ার ইশারা করেন তিনি। আর তা দারুণভাবেই উপভোগ করেন উপস্থিত সাংবাদিক এবং ফিফা সভাপতি।
ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই