এমন হারের জন্য ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে শিষ্যদের আরো উন্নতির তাগিদ দিয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পর সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে এসে এসব বলেন এ কোচ।
হারের পেছনে দুই দলের কিছু পার্থক্য তুলে ধরে হাথুরুসিংহে বলেন, ‘ভারত আমাদের উড়িয়ে দিয়েছে। স্কিল লেভেলেও অনেক পার্থক্য চোখে পড়েছে। আমাদের উন্নতি করতে হবে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।
.png)
তবে এমন নয় যে উন্নতি হচ্ছে না। ২০১৭ সালে ভারতে এসেছিলাম, এর চেয়ে এখন আরো উন্নত। আমরাও উন্নতি করছি। এখনো অনেক কিছু করার আছে। ভারতের সিস্টেম, সুযোগ-সুবিধারও উন্নতি হয়েছে। সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতাম এখানে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা খুব বেশি ভেঙে পড়িনি। পাকিস্তানে কোথায় ভালো করেছি, এখানে কোথায় ভালো করিনি আমরা জানি।’
ব্যাটারদের আউট হওয়ার ধরনে হতাশা প্রকাশ করে প্রধান কোচ বলেন, ‘আমরা টিকে থাকা নিয়ে ভাবিনি, আমরা দলের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ব্যাটার যদি মনে করে সে অ্যাটাকিং বা সুইপ শট খেলতে পারবে, সে খেলতেই পারে।
মুমিনুল হক কাল দারুণ ব্যাট করেছে। তবে যেভাবে অনেকে উইকেট দিয়ে এসেছে তা হতাশাজনক। ভারত বোলিং পরিবর্তন করলেই আমরা উইকেট হারিয়েছি। নতুন বলে মানিয়ে নেয়ার মতো পর্যাপ্ত সময় আমরা নিইনি।’