কানপুরে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা তাই যেন শুধু সাকিব-কেন্দ্রিক প্রশ্নই করলেন। তাদের প্রশ্নের উত্তরে হাথুরু জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে অবসরের ঘোষণা দেওয়ায় তিনি অবাক হয়েছেন।
ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এ প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’
.png)
সাকিব না থাকলে দলের পরিকল্পনা কেমন হবে, কে হবেন তার বিকল্প, হাথুরুসিংহে এ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’
হাথুরুসিংহে যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’
কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রথম টেস্ট খেলে তিনি এই সংস্করণ থেকে অবসর নিতে চান।
এছাড়া সাকিব ক্যারিয়ারের শেষ টি-২০ খেলে ফেলেছেন টি-২০ বিশ্বকাপেই। যদিও পরবর্তী সময়ে দল চাইলে এই সংস্করণে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
টেস্ট থেকে অবসর নেয়া নিয়ে সাকিব আলাদা করে বলেছিলেন, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এরপর জানিয়েছিলেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না ক্রিকেট বোর্ড।
গত ২৬ সেপ্টেম্বর বোর্ড সভা শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’