যদিও কোপা জয়ের পর শিরোপা উদযাপনে দেশে যেতে পারেননি মেসি। পায়ের চিকিৎসার জন্য রয়ে যান আমেরিকায়। একই কারণে খেলতে পারছেন না নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়েও। এ সুযোগে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
কোপা আমেরিকা ফাইনালে পাওয়া চোট এখনও ঠিক হয়নি। লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডান পায়ের গোড়ালিতে বাঁধা ব্যান্ডেজ। কিন্তু মেসি রয়েছেন খোশ মেজাজে।
.png)
আর্জেন্টিনাকে কোপা চ্যাম্পিয়ন করে এখন ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তার সন্তানেরা। আর আছেন ক্লাব ফুটবলে মেসির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজও। উরুগুয়ের এই স্ট্রাইকারও সপরিবারে একই সঙ্গে ছুটি উপভোগ করছেন।
ফ্লোরিডার সমুদ্রে তাদের ছুটি উপভোগের ছবি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোকুজ্জো নিজেই।
বুধবার যুক্তরাষ্ট্রের মেজর লিগে ইন্টার মিয়ামির খেলা রয়েছে। সেই ম্যাচে মেসি এবং সুয়ারেজ খেলতে পারবেন না। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বুধবার আমরা মেসি এবং সুয়ারেজকে পাব না। গোড়ালির চোটের জন্য খেলতে পারবেন না মেসি। সুয়ারেজ আন্তর্জাতিক সূচির জন্য ৪০ দিন দলের সঙ্গে নেই।’
উল্লেখ্য, কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালে চোট পান মেসি। পুরো ম্যাচ খেলতে না পেরে বেঞ্চে কান্নায় ভেঙে পড়েছিলেন।