ক্লাবটি মেসিকে নিয়ে রীতিমতো দুঃসংবাদই দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরই মাঝে চোট পুনর্বাসনের অংশ হিসেবে মায়ামি তারকাকে বিশেষ বুট পরিহিত অবস্থায় দেখা গেছে।
চিলির বিপক্ষে ম্যাচে মাংসপেশির ইনজুরিতে পড়েন মেসি। যে কারণে পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। আর ফাইনালে আরিয়াসের কড়া ট্যাকেলের শিকার হয়ে তো মাঠের বাইরেই চলে যেতে হয় তাকে। কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন এলএমটেন।
.png)
পরে ফুটেজে দেখা যায়, মেসির ডান পায়ের গোড়ালি অনেকটাই ফুলে উঠেছে। এরপর কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সতীর্থরা দেশে ফিরলেও তিনি রয়ে যান যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে উপস্থিত হন মায়ামির ম্যাচেও।
খুব শিগগিরই লিগস কাপ শুরু হবে যুক্তরাষ্ট্রের সকার ফুটবলে। যেখানে মেসিকে পাচ্ছে না মায়ামি। কেবল শুরুর অংশেই নয়, তার ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। ফলে এই সময়ে প্রায় পুরোপুরি বিশ্রামেই থাকবেন এলএমটেন।
এমএলএসে আজ (বৃহস্পতিবার) ভোরে টরোন্টো এফসির মুখোমুখি হয়েছিল মায়ামি। সেই ম্যাচটিতে সতীর্থদের সাহস জোগাতে মেসি গ্যালারিতে উপস্থিত হন। সেখানেই তার পায়ে বিশেষ বুট দেখা গেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, এটি মূলত অর্থোপেডিক বুট, যা তার চোট সারার কাজে ব্যবহৃত হচ্ছে। চেজ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে মায়ামি।
টরোন্টোর বিপক্ষে দলটির হয়ে গোল করেছেন দিয়াগো গোমেজ ও ফেদরিক রেদোন্দো (জোড়া)। এক গোল করে হারের ব্যবধান কমায় টরোন্টো। যেখানে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বসে দলের গোলও উদযাপন করেছেন মেসি।