ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশেষ সম্মাননা পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫, ২৪ জুলাই ২০২৪
বিশেষ সম্মাননা পেলেন মেসি
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পুরো সময় খেলতে পারেননি লিওনেল মেসি। বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তাকে মাঠ ছাড়তে হয়। সদ্য কোপা জয়ী তারকা এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে।

মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো ইঙ্গিত দিয়েছেন, ইনজুরির কারণে লিগস কাপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মাঝে ক্লাবের কাছ থেকে নতুন করে এক সম্মাননা পেয়েছেন সর্বকালের সেরা ফুটবলার।

আন্তর্জাতিক কিংবা ক্লাব পর্যায়ে এমন কোনো ট্রফি নেই, যা স্পর্শ করেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সময় কোনো শিরোপা না পাওয়ার আক্ষেপ ছিলো। কিন্তু ২০২১ এর কোপা জয় দিয়ে শুরু। এরপর আর থামতে হয়নি।

Advertisement

যেই টুর্নামেন্ট খেলেছেন আকাশী-নীলদের হয়ে, সবগুলোরই শিরোপা দেশে নিয়ে ফিরেছেন মেসি। সবশেষ যুক্তরাষ্ট্রের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা। যা তার অর্জনের ঝুলিকে করেছে আরো সমৃদ্ধ।

ফুটবল ইতিহাসে এখন সর্বোচ্চ ৪৫ শিরোপার মালিক এলএমটেন। টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেজকে। যৌথভাবে ৪৪টি শিরোপা ছিলো তাদের ঝুলিতে।

অবশ্য কোপা জয়ের দিনই ইনজুরিতে পড়েন মেসি। যার কারণে খেলতে পারেননি পুরো ম্যাচ। দল দেশে ফিরে গেলেও মেসি এখনো রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। চলছে তার চিকিৎসা। এর মাঝেই ক্লাবের পক্ষ থেকে দারুণ এক সম্মাননা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।

ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৪৫ ক্যারিয়ার শিরোপা জয়ে মেসিকে সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ। মেসির উঁচিয়ে ধরা ৪৫ শিরোপার প্রতিকৃতি দেখা যায় মাঠের মাঝে। মেসির হাতে বিশেষ স্মারক তুলে দেন ইন্টার মায়ামির অন্যতম সত্ত্বাধিকারী হোর্হে মাস।

ইন্টার মায়ামির জার্সিতে সংখ্যাটা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মাস। অবশ্য সেখানেও একটা দৃশ্য নজর কেড়েছে অনেকের। এখনো খুঁড়িয়ে হাঁটছেন মেসি। যার অর্থ হলো কোপার ফাইনালে পায়ে যে চোট পেয়েছিলেন সেখান থেকে এখনো সুস্থ হয়ে ওঠেননি।

ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন আর্জেন্টাইন তারকা, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এমএলএস অলস্টার ম্যাচে খেলতে পারছেন না মেসি সেটা নিশ্চিত। কদিন বাদেই শুরু হচ্ছে লিগস কাপ। যে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মেসির দল।

মায়ামি কোচ ইঙ্গিত দিয়েছেন এবারের লিগস কাপে হয়তো দেখা যাবে না দলের মূল খেলোয়াড়কে। কারণ লিগস কাপ শুরু হবে আগামী শনিবার। ৫ সপ্তাহের এই আসরের পর্দা নামবে ২৫ আগস্ট।

বয়স ও চোট বিবেচনায় মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না মায়ামি কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে আবারো মেসিকে মাঠে দেখতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!