ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইংলিশ প্রিমিয়ার লিগ

আরো একটি হতাশার রাত ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ৭ মে ২০২৪
আরো একটি হতাশার রাত ইউনাইটেডের
ছবি- রয়টার্স

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। বিবর্ণ ফুটবলে চ্যাম্পিয়নস লীগ স্বপ্ন শেষ হয়েছিল আগেই। ইউরোপা লীগে খেলার সুযোগও একেবারে ক্ষীণ। মৌসুম জুড়ে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা রেড ডেভিলসদের সঙ্গী হয়েছে বেশ কয়েকটি বিব্রতকর হার। তবে এরিক টেন হেগের শিষ্যদের সবচেয়ে বড় লজ্জা যেন পেল মৌসুমের শেষ মুহূর্তে।

সেলহার্টস পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের বিপক্ষে রেড ডেভিলসরা হজম করেছে ৪ গোল। এই হারে লিগে সবশেষ ১০ ম্যাচের চারটিতে হারল ইউনাইটেড; বাকি ছয় ম্যাচের চারটি ড্র, জিতেছে মাত্র দুটি।

ম্যাচের ১২তম মিনিটেই বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে লিড এনে দেন ওলিসে। আর ৪০তম মিনিটে জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যালেস।

Advertisement

বিরতির পর ৫৮তম মিনিটে টাইরিক মিচেল ব্যবধান আরো বাড়ালে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। আর আট মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলে জয়টা একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে।

বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল এরিক টেন হাগের দল। এবারের লিগে ইউনাইটেডের এটা ১৩তম হার। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!