বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সারবে বিশ্বকাপের সহ-আয়োজকরা। আর এ কারণে বিশ্বকাপ স্কোয়াড নিয়েই এই সিরিজে খেলতে নামবে স্বাগতিকরা।
বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ক’দিন আগে যুক্তরাষ্ট্রের হয়ে টি-২০তে অভিষেক হওয়া কোরি অ্যান্ডারসন খেলবেন বিশ্বকাপেও। তিনি এর আগে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন।
.png)
নিজেদের মাটিতে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাক প্যাটেল। আগামী ১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজটি হবে ৩ ম্যাচের। আগামী ২১ মে প্রথম টি-২০ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-২০ ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ২৫ মে। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।
বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।
রিজার্ভ ক্রিকেটার: গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।